জাতীয়

৬২ উপজেলায় এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্তবর্তী ৬২টি উপজেলায় এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপদ রেখে সারাদেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহিলা আদর্শ ডিগ্রি কলেজে অবস্থিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক জানান- নির্বাচনী নিরাপত্তা জোরদারে বিজিবি ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন করবে। একই সঙ্গে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন- `ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই বিজিবি সরাইল রিজিয়নসহ দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের মধ্যে সর্বোচ্চ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন বিজিবি মহাপরিচালক। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী, ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান, ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নুরুল আমীন বায়েজীদ, সেনাবাহিনীর ৫৮ বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আল আমীন, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা।

মতবিনিময় শেষে মহাপরিচালক নির্বাচনী বেইজ ক্যাম্পে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে তিনি হেলিকপ্টারযোগে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে পৌঁছান।

Related Articles

Back to top button