বকশীগঞ্জ

ধানের শীষের গণমিছিল: জনস্রোতে স্তব্ধ বকশীগঞ্জ শহর

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে ধানের শীষের পক্ষে এক অভূতপূর্ব গণমিছিল হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের সমর্থনে আয়োজিত বিশাল গণমিছিলে আজ কার্যত স্থবির হয়ে পড়ে পুরো উপজেলা শহর। কয়েক কিলোমিটার দীর্ঘ এই মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার বিকেলে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন সাবেক আইজিপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা ব্যারিস্টার শাহাদাত বিন জামান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।

প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন- এই জনসমুদ্র প্রমাণ করে মানুষ আর অবরুদ্ধ থাকতে চায় না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন- জনগণের উত্তাল এই স্রোত বলে দিচ্ছে মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মানুষের জয় দেখতে চাই।

সমাবেশ শেষে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো ঘুরে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

আয়োজকদের দাবি প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণে এই মিছিলটি বকশীগঞ্জের ইতিহাসে অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক জমায়েত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সাধারণ ভোটারদের মতে, দীর্ঘদিন পর বকশীগঞ্জে এমন শান্তিপূর্ণ অথচ বিশাল জনসমাগম রাজনৈতিক উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মিছিল চলাকালীন শহরের মূল কেন্দ্রগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো শহর কার্যত জনস্রোতে স্তব্ধ হয়ে পড়ে।

Related Articles

Back to top button