বকশীগঞ্জ

নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি ও দলীয় অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

শনিবার বিকেলে বকশীগঞ্জ বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন- ‘নির্বাচন-পরবর্তী সময়ে দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় উপজেলা বিএনপি প্রস্তুত।’

তিনি আরও বলেন- ‘আমরা শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী। তবে আমাদের নেতা-কর্মীরা যদি কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন, তবে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।’

তিনি দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ পৌর ও ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সভাপতির বক্তব্যে আলহাজ মানিক সওদাগর বলেন-‘দলের ‘চেইন অব কমান্ড’ মেনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম বেগবান করার জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলন শেষে স্থানীয় সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি নেতারা। এ সময় তারা বকশীগঞ্জের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর জোর দেন।

Related Articles

Back to top button