সারাদেশ

গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক :

গাইবান্ধা সদর উপজেলায় নিজ শয়নঘর থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় শ্রীমতি মিতু রানী সরকার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিতু রানী সরকার কোমরপুর এলাকার রিপন সরকারের স্ত্রী এবং একই এলাকার দুলাল মহন্তের মেয়ে। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে স্বামী রিপন সরকারের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় স্বামী স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। একাধিকবার মারধরের পর মিতুর বাবা দুলাল মহন্ত চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। সর্বশেষ বাবার বাড়িতে অবস্থানকালে অভিমান থেকে মিতু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের জন্য তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Related Articles

Back to top button