জামালপুর

তেল মজুদ রেখেও বিক্রি না করায় সড়ক অবরোধ: ডিলারকে জরিমানা

স্টাফ রিপোর্টার: জামালপুর শহরের পিটিআই মোড়ে তেল মজুদ থাকার পরেও বিক্রি না করায় সড়ক অবরোধ মোটরসাইকেল চালকেরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেলের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ প্রশাসন।

শনিবার সকাল থেকে তেলের জন্য পিটিআই মোড়ের মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে ভির করে মোটরসাইকেল চালকেরা।দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে চালকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা।

এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়- তাদের কাছে কোনো পেট্রোল মজুদ নেই। তবে অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

পরে সরেজমিনে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুদ রয়েছে। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল বিক্রি না করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মেসার্স জুই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান- অতিরিক্ত ভিড়ের কারণে আতঙ্কে দোকান মালিক তেল বিক্রি বন্ধ রেখেছিলেন বলে প্রাথমিকভাবে জানান। বর্তমানে মজুদ থাকা তেল গ্রাহকদের মাঝে বিক্রি করা হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ বলেন- দোকানে তল্লাশি চালিয়ে ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার তেল পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মেসার্স জুই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ তেল তাৎক্ষণিকভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে সুশৃঙ্খলভাবে পেট্রোল বিক্রি শুরু হয়।

Related Articles

Back to top button