জামালপুর

আবেদীন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদন্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আবেদীন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদন্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও একজনকে খালাস ও সাজা প্রাপ্ত সকলকে অর্থদন্ড করা হয়েছে।

বুধবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এই রায় ঘোষনা করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ মোতালেব হোসেন ও মৃত আইন উদ্দিনের ছেলে মোঃ রশিদ জামাল।

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন- সবুজপুর গ্রামের মৃত আইন উদ্দিন ফকিরের সন্তান মোঃ আব্দুল লতিফ, মোঃ সুরুজ মিয়া ও মোঃ আব্দুল হামেদ।

এছাড়াও খালাস পেয়েছেন- সবুজপুর গ্রামের মোঃ আসাদ জামালের সন্তান মোঃ খোরশেদ আলম।

রায় ঘোষনার সময় পলাতক ছিলেন মামলার প্রধান ও মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মোঃ মোতালেব হোসেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট দিদারুল ইসলাম দিদার জানান- জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামে সামাজিক ও জমিজমার বিষয় নিয়ে আক্তার হোসেন আবেদীনের সাথে আসামীদের পূর্ব বিরোধ চলে আসছিলো। বিরোধের জেড়ে ২০০৭ সালের ২২ মে রাত সাাড়ে ৮টার দিকে সবুজপুর গ্রামের একটি মাদ্রাসার পাশে আবেদীনকে ডেকে নিয়ে ছুরি দিয়ে আঘাত করে আসামীরা। পরে চিৎকার শুনে আবেদীনকে আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এর আগে হাসপাতালে নেয়ার পথে আহত আবেদীন পরিবারের সদস্যদের সকল ঘটনা খুলে বলেন।

আইনজীবী দিদারুল ইসলাম দিদার আরো জানান- এই ঘটনায় নিহতের সন্তান সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ৪ জনের নামে এবং ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার আসামী মোঃ রশিদ জামাল ও মোঃ খোরশেদ আলম ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি দেন। এছাড়াও স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন শেষে এই রায় ঘোষনা করেন আদালত।

Related Articles

Back to top button