বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
মতিন রহমান, বকশীগঞ্জ: আগামী ১৪৩৩ বঙ্গাব্দের বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় নববর্ষের দিনটিকে আনন্দময় করে তুলতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা বকশীগঞ্জে বাঙালির এই প্রাণের উৎসবকে ঘিরে নিরাপত্তা ও ঐতিহ্যের মিশেলে বর্ণাঢ্য আয়োজনের ওপর জোর দেন।
উৎসবে আগতদের জন্য বাঙালির চিরচেনা পান্তা উৎসবের আয়োজন। অনুষ্ঠানকে সুষ্ঠু ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি এবং বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে মেরুরচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বাট্টাজোড় ইউপির লিটন আকন্দ, বগারচর ইউপির সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর ইউপির শাহ জামাল এবং বকশীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ধানুয়া কো-অপারেটিভ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মেজবাউল হক তুহিন, আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (TWA) চেয়ারম্যান বিন্দু মারাক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু এবং সাংবাদিক রাশেদুল ইসলাম রনিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। এই উৎসবকে ঘিরে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, সে জন্য প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান করবে।”




