২০ এপ্রিল হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে জেলার ৫টি উপজেলায় ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।
সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন বলেন-“জেলায় এখন পর্যন্ত মোট ৮২ জন সন্দেহজনক হাম রুগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও হাম পজেটিভ আসেনি। বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৫ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন।”
ডা. মুহাম্মদ শাহীন আরও জানান- আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত শেরপুর জেলায় ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ১৮ হাজার ৬২১ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১৩৩৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। আগে টিকা পেয়ে থাকলেও এই বয়সের সব শিশুকে এই ক্যাম্পেইনের সময় ১ ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। ৬ মাস অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হলে এবং ৫ বছরের কম বয়সি অর্থাৎ ৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত বয়সের শিশুদের এই টিকা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে হাম-রুবেলার উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব হিমেল। পরে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি প্রমুখ।
ওই সময় সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




