দুই পক্ষের বিরোধে সড়কের সংস্কার কাজ বন্ধ: মীমাংসার চেষ্টা ইউএনও’র
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে স্থানীয় দুই পক্ষের বিরোধে দীর্ঘদিন ধরে বন্ধ আছে কাঠারবিল সানান্দবাড়ী সড়কের সকাল বাজার অংশের সংস্কার কাজ। এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের কাঠারবিল সানান্দবাড়ী সড়কের বিরোধপূর্ণ অংশটি পরিদর্শন শেষে দুই পক্ষের সঙ্গে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে প্রশাসনের উপস্থিতিতে সড়কের এক অংশে ঘর নির্মাণ করে সৃষ্টি করা প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।
জানা যায়, কাঠারবিল সানান্দবাড়ী সড়কের সকাল বাজার অংশে প্রায় ৭০ মিটার জায়গা নিয়ে স্থানীয় হাসানের লোকজনের সাথে আমজাদের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। কিছুদিন পূর্বে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হলেও দুই পক্ষের বিরোধের কারণে সড়কের সকাল বাজার অংশে সংস্কার কাজ বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- স্থানীয় দুই পক্ষের বিরোধে কাঠারবিল সানান্দবাড়ী সড়কের সকাল বাজার অংশে সড়কের সংস্কার কাজ বন্ধ রয়েছে। দুপক্ষের সঙ্গে কথা বলে বিরোধ মীমাংসার চেষ্টা করেছি। সড়কের এক অংশে ঘর নির্মাণ করা পক্ষটি স্বেচ্ছায় ঘর অপসারণ করেছে। আশা করছি দ্রুতই এ বিষয়ে সমাধান হবে।




