সারাদেশ

ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে রুবেল নিহত

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে রুবেল মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দা দপরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। সংসারের স্বচ্ছলতা ফেরানোর উদ্দেশ্যে চাকরি নিয়েছিলেন রাজধানীর একটি জুতার কারখানায়।

শনিবার (৩০ মে) পরিবারের সঙ্গে দেখা করতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে আসন না পেয়ে উঠেছিলেন ছাদে। ট্রেনটি সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ স্টেশন ত্যাগ করে শহরের মিন্টু কলেজ এলাকা অতিক্রমের সময় রুবেল অসাবধানতাবশত ট্রেনের ছাদ থেকে ছিটকে পরে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় রুবেলের বাড়িতে চলছে শোকের মাতম। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ রুবেলের মা ফুলেছা বেগম। সন্তান হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।

স্বামীর শোকে বিলাপ করছেন রুবেলের স্ত্রী চায়না বেগম। কান্নাজড়িত কন্ঠে চায়না বেগম বলেন- “আমার স্বামীই ছিল সংসারের একমাত্র উপার্জনকারী। ট্রেনের ছাদ থেকে পড়ে তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না। এখন আমার পাঁচ বছর বয়সী সন্তানকে নিয়ে কোথায় যাব, কীভাবে তার ভবিষ্যৎ গড়ব, কিছুই বুঝতে পারছি না।”

শনিবার রাতে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্ত্রী চায়না বেগমের আহাজারিতে উপস্থিত সবার চোখে জল আসে। একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েন তিনি।

রুবেলের ভগ্নিপতি জাকিরুল ইসলাম বলেন-“পরিবারের সাথে দেখা করতে বাড়ি ফিরছিলেন রুবেল। শনিবার সকালে ঢাকা থেকে কমিউটার ট্রেনের ছাদে উঠেছিল সে। ময়মনসিংহ স্টেশন পার হলে ট্রেনের ঝাঁকুনিতে নিচে পড়ে মারা যায় রুবেল।”

স্থানীয় ইউপি সদস্য আক্তার আকন্দ বলেন-“ছেলেটি ছোট থেকেই কাজ কর্মে খুব পারদর্শী ছিলো। সে দপরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। রুবেল ঢাকায় একটি কারখানায় কাজ করতো। বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে সে মারা যায়। তার ছোট একটি ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন-“অসাবধনাবশত ট্রেনের ছাদ থেকে ছিটকে পরে রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”

Related Articles

Back to top button