যমুনা নদীতে নিখোঁজের তিনদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রেদুয়ান মাহমুদের (০৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৮ জুন) দুপুর ১টার দিকে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।
নিহত রেদুয়ান মাহমুদ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের আলিম মিয়ার ছেলে। সে স্থানীয় ইদ্রিসিয়া দারুল উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়- গত শনিবার বিকেলে রেদুয়ান পরিবারের সদস্যদের অগোচরে চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্বজনরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে জামালপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ডুবুরি দল শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না মেলায় ফায়ার সার্ভিস সাময়িকভাবে অভিযান স্থগিত করে।
পরবর্তীতে সোমবার দুপুরে চর ডাকাতিয়া হাজারী এলাকায় যমুনা নদীতে রেদুয়ানের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী তা উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থীর মরদেহ ভাসমান অবস্হায় নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।




