বকশীগঞ্জ

তার গোছানোর সময় বিদ্যুৎস্পর্শে বৃদ্ধার মৃত্যু

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎ স্পর্শে মোসাম্মৎ শামসুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামের নিজ বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোসাম্মৎ শামসুন্নাহার ওই গ্রামের মৃত আরজাহানের স্ত্রী।

শাসুন্নাহারের স্বজনেরা জানান- শুক্রবার রাতে শামসুন্নাহারের নিজ বসতঘরে ধর্মীয় তালিমের (মহিলা তালিম) আয়োজন করা হয়েছিল। তালিম শেষে আমন্ত্রিত অতিথিরা নিজ নিজ বাড়িতে চলে যান। রাত সাড়ে ১২টার পর থেকে সকাল ৮টা ২০ মিনিটের মধ্যবর্তী কোনো এক সময়ে বাড়ির বাইরের একটি বৈদ্যুতিক বাতির ঝুলে থাকা তার গোছাতে যান ওই বৃদ্ধা। এ সময় অসাবধানতাবশত খোলা বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সকালে স্বজনেরা তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন। মকবুল হোসেন জানান- কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শামসুন্নাহার অত্যন্ত ধার্মিক ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

Related Articles

Back to top button