ধর্ষণ মামলার আসামির জামিনে ক্ষোভ: মানববন্ধনে ফাঁসির দাবি
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে স্কুল শিক্ষার্থী আশা মনিকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার আসামি তামিম আহমেদ স্বপনের জামিন বাতিল, দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মামলার দ্রুত নিষ্পত্তি এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন- মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কফিল উদ্দিন, নিহত শিক্ষার্থী আশা মনির বাবা ও মামলার বাদী মো. আবু সাঈদ, মা শিলা বেগম এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন- দীর্ঘ সময় অতিবাহিত হলেও মামলার বিচারকাজ শেষ হয়নি। এতে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে। তারা মামলার আসামির জামিন বাতিল করে দ্রুত বিচার সম্পন্ন এবং দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে আবেগঘন বক্তব্যে নিহত শিক্ষার্থী আশা মনির বাবা ও মামলার বাদী মো. আবু সাঈদ বলেন- দীর্ঘদিন ধরে মামলা চালাতে চালাতে আমি ক্লান্ত। আদালতে বারবার যেতে হচ্ছে। আমার আর্থিক সামর্থ্যও শেষের পথে। আসামি জামিনে বের হয়ে আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্য আগেও চাপ দেওয়া হয়েছে। তারা বলে, আমাদের কিছুই করার নেই, টাকার জোরেই তারা জামিনে আছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
মামলার বাদীপক্ষের অভিযোগ- ২০২২ সালের ১০ মার্চ আশা মনি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে তাকে অপহরণ করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়া আশা মনি দুটি চিরকুট লিখে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। ওই চিরকুটে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ ছিল বলেও দাবি করেন স্বজনরা।
এ ঘটনায় নিহতের বাবা আবু সাঈদ বাদী হয়ে মেলান্দহ থানায় ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। তার অভিযোগ, মামলার আসামি জামিনে মুক্ত হয়ে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। এমনকি মামলা না তুললে পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মামলার সুষ্ঠু তদন্ত, আসামির জামিন বাতিল এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলার দ্রুত বিচার, আসামির জামিন বাতিল এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।




