সরিষাবাড়ী

জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন ছেলে

মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিজের নামে জমি লিখে না দেওয়ায় এক মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। গত রোববার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী রাশেদা বেগম হাতে পবিত্র কোরআন শরিফ নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম তার বাবার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিওগী গ্রামে উত্তরাধিকার সূত্রে ৫৬ শতাংশ জমি পান। পরে তিনি পারিবারিকভাবে ৮ লাখ টাকার বিনিময়ে জমিটি ভাইদের কাছে বিক্রি করেন এবং সেই অর্থ দিয়ে নিজের নামে নতুন জমি কেনেন।

অভিযোগ রয়েছে- ওই জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য ছেলে রাশেদুল ইসলাম জাকির দীর্ঘদিন ধরে মায়ের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রাশেদা বেগম এর আগেও সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

ভুক্তভোগী রাশেদা বেগমের ভাষ্য- সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য ছেলে তাকে নানা ধরনের হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। সম্প্রতি জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় তাকে স্বামীর বাড়িতে থাকতে দেওয়া হচ্ছিল না। এমনকি বাড়িতে গেলে আত্মহত্যা করে তাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। গত রোববার দুপুরে শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলে তিনি ভাইদের খবর দেন। পরে ভাইয়েরা এসে তাকে নিজেদের বাড়িতে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়- বিরোধের একপর্যায়ে রাশেদুল বাড়িতে তালা দিয়ে স্ত্রীকে নিয়ে মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে চলে যান। পরে রাশেদা বেগম গেন্দারপাড়ার বাড়িতে এলে স্থানীয়রা গেটের তালা ভেঙে তাকে ঘরে প্রবেশে সহায়তা করেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ গত রোববার সকালে আবারও সালিশ বৈঠক বসে। সেখানেও রাশেদা বেগমকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। তিনি এতে সম্মত না হওয়ায় শেষমেশ তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

পারিবারিক সূত্রের দাবি, অভিযুক্ত রাশেদুল ইসলাম জাকির আগে ‘এমএম বিল্ডার্স’ নামে একটি প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে ৮৩ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত রাশেদুল ইসলাম জাকিরের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

Related Articles

Back to top button