জামালপুর

ক্যাশলেস লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর’ কর্মশালা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় জামালপুরে ‘বাংলা কিউআর’ (Bangla QR) বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর জামালপুর শাখায় এই কর্মশালার আয়োজন করা হয়।

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গ্রাহক ও ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক সুমনা সাহা।

অনুষ্ঠানে বাংলা কিউআর-এর ব্যবহার, গুরুত্ব ও নানা সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা উল্লেখ করেন, বাংলা কিউআর-এর মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন পেমেন্ট অ্যাপ, কার্ড ও মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অত্যন্ত দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা একটিমাত্র কিউআর কোড ব্যবহার করেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে সহজে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

এই প্রযুক্তি ব্যবহারের ফলে নগদ অর্থের নির্ভরতা কমবে এবং লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে কর্মশালায় তথ্য তুলে ধরা হয়। এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং একটি আধুনিক ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। পরিশেষে, নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনের সুবিধা নিতে স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারে বিশেষভাবে আহ্বান জানানো হয়।

আইএফআইসি ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক মোঃ মামুন আল রশিদের উপস্থিতিতে অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা অংশ নেন।

Related Articles

Back to top button