ছেলের খাবার দিয়ে ফেরার পথে নিখোঁজ: তিন দিন পর ডোবায় মিলল বাবার মরদেহ
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলায় নিখোঁজের তিন দিন পর শহিদুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর দকলাবন এলাকার একটি ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
নিহত শহিদুল ইসলাম পশ্চিম মাহমুদপুর দকলাবন গ্রামের মৃত সোলাইমান শেখের ছেলে।
শুক্রবার দুপুর দুইটার দিকে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২১ জুলাই সকালে সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহর জন্য স্থানীয় হারুন অর রশিদ ইসলামী মাদ্রাসায় সকালের খাবার নিয়ে যান শহিদুল। ছেলেকে খাইয়ে টিফিন ক্যারিয়ার হাতে মাদ্রাসার পেছনের পথ দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তবে এই তিন দিনে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ করা হয়নি।
শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন শিশু মাদ্রাসার সংলগ্ন ওই ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এরপর পুলিশ সেখানে উপস্থিত হয়ে আনুষঙ্গিক আইনি কার্যক্রম সম্পন্ন করে। ঘটনাস্থল থেকে নিহতের সঙ্গে থাকা সেই টিফিন ক্যারিয়ারটিও উদ্ধার করা হয়েছে।
পরিবারের সদস্যরা পুলিশকে শহিদুল ইসলামের মৃগী রোগের চিকিৎসার যাবতীয় কাগজপত্র দেখিয়েছেন।
সার্বিক বিষয়ে মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানিয়েছেন- পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।




