নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি: সভাপতি জাহিদুল ইসলাম প্রিন্স
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম গতিশীল করতে একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
নবগঠিত এই কমিটিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক জাহিদুল ইসলাম প্রিন্সকে সভাপতি মনোনীত করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বোর্ড কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপন থেকে জানা যায়- কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে কোহিনুর বেগম এবং অভিভাবক সদস্য হিসেবে মোছা. মাহমুদা আক্তারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আগামী ৬ মাসের মধ্যে এই কমিটিকে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে।
দায়িত্ব গ্রহণ করে নবগঠিত কমিটির সভাপতি জাহিদুল ইসলাম প্রিন্স বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটির সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তিনি সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করে যাবেন।
এদিকে জাহিদুল ইসলাম প্রিন্স সভাপতির দায়িত্ব পাওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে স্থানীয় সুধীসমাজ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। তার গতিশীল নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় এলাকাবাসী।




