দুদকের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আহমদ আলী মহিলা মাদ্রাসা
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আহমদ আলী মহিলা মাদ্রাসা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) বাস্তবায়নে আয়োজিত এই প্রতিযোগিতায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জিল বাংলা চিনিকল উচ্চ বিদ্যালয় ও আহমদ আলী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজনে দ্বিতীয় স্থান অর্জন করেছে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং দুদকের সহকারী পরিচালক আতিয়ার রহমান।
এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামীম উল হাসান, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র, সরকারি একেএম কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ণ চন্দ্র সাহা এবং একই কলেজের প্রভাষক আবু হানিফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।



