দেওয়ানগঞ্জ

স্কুল ফাঁকি দিয়ে ফেসবুকে ভোট চাইলেন প্রধান শিক্ষক: পেলেন শোকজ

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুল চলাকালীন কর্মস্থলে অনুপস্থিত থেকে ফেসবুক লাইভে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট চাওয়ার অভিযোগে এক প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তারাটিয়া আলহাজ লতিফ ফজিতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তালেবকে এই নোটিশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।

প্রশাসন থেকে জানা যায়- গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবু তালেব। ওই সময় তিনি দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে থেকে ফেসবুক লাইভে এসে পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন এবং জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন।

বিদ্যালয় চলাকালীন কর্মস্থলে না থেকে এমন নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়াকে চাকরি বিধিমালার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ঘটনায় আগামী তিন কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযুক্ত শিক্ষককে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. আবু তালেব মুঠোফোনে তার ভাষ্য তুলে ধরেন। তিনি দাবি করেন, সেদিন বিদ্যালয়ের দায়িত্ব সহকারী প্রধান শিক্ষকের কাছে বুঝিয়ে দিয়ে তিনি বাইরে ছিলেন। তাকে দেওয়া নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেবেন বলে মন্তব্য করেন তিনি।

সার্বিক বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন উল্লেখ করেন, কর্মস্থলে অনুপস্থিত থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগেই ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। লিখিত জবাব পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Related Articles

Check Also
Close
Back to top button