বিএনপির মতবিনিময় সভা: তৃণমূলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ইউনিয়নের পূর্ব ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করেন। জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, জনসম্পৃক্ততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাড়ানোর গুরুত্ব তারা তুলে ধরেন। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন নেতারা।
ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সফিউল আলম স্বপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কাওসার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজেদের বক্তব্য তুলে ধরেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর কবির, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু সরকার, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ছানাউল্লাহ চান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ।
সভার আগে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুল কাদের (দুদু) তরফদারের কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন উপস্থিত নেতাকর্মীরা। পরে বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। আয়োজনটিতে ইউনিয়ন, ওয়ার্ড এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




