হত্যা মামলার রহস্য উন্মোচন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুরে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উন্মোচন করেছে পুলিশ। এই ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি নিহতের চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়েছে। এছাড়া আদালতে দুজন আসামি নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়- গত ৩০ জুলাই বিকেলে ইসলামপুর উপজেলায় নুর জাহান বেগম নামে এক নারীকে হত্যা করে দূর্বৃত্ত্বরা। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ এবং ধারাবাহিক জিজ্ঞাসাবাদের পর আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন যশোরের কোতোয়ালি থানার ঝাউদিয়া পূর্বপাড়া এলাকার ইয়ামিন ওরফে সাগর (২৫), তার স্ত্রী মোছা. খাদিজা আক্তার পপি ওরফে জান্নাত (১৯) এবং শাশুড়ি রেহেনা আক্তার (৫২)। রেহেনা ও খাদিজার বাড়ি ইসলামপুর উপজেলার বটচর এলাকায়।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইসলামপুর পৌরসভার কিসমত জাল্লা এলাকার একটি জুয়েলারি দোকান থেকে নিহত নুরজাহান বেগমের একটি স্বর্ণের নাকফুল এবং প্রায় দুই ভরি ওজনের একটি রুপার চেইন উদ্ধার করা হয়। এছাড়া রেহেনা আক্তারের দেওয়া তথ্যে তার নিজ ঘর থেকে নিহতের প্রায় পাঁচ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বজনরা উদ্ধারকৃত এসব আলামত শনাক্ত করেন।
গ্রেপ্তারের পর আসামিদের আদালতে সোপর্দ করা হলে তাদের মধ্যে দুজন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাত ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।
সার্বিক বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন তার ভাষ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে ইসলামপুর থানা পুলিশ খুব দ্রুত ঘটনার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে জামালপুর জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।




