মেলান্দহ

গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ: ব্যবসায়ী গ্রেপ্তার

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করে হয়রানির অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী গৃহবধূর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ এই পদক্ষেপ নেয়।

গ্রেপ্তারকৃত শফিকুল উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ী সর্দারপাড়া এলাকার সাদেক আলীর ছেলে। তিনি মেলান্দহ জিন্নাহ মার্কেটে কাপড়ের ব্যবসা করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়- গত ২৯ জুলাই রাত ৮টার দিকে মেলান্দহ বাজারের জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি বাথরুমে ওই গৃহবধূ গোসল করছিলেন। এ সময় অভিযুক্ত শফিকুল কৌশলে মোবাইল ফোনে তার গোসলের দৃশ্য ধারণ করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, এরপর থেকে অভিযুক্ত ব্যক্তি ওই গৃহবধূকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। একপর্যায়ে ভিডিওটি ভুক্তভোগীর সৌদি আরব প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে তাকে মানসিকভাবে হেনস্তা করা হয়। এছাড়া সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে আত্মীয়স্বজনের কাছেও ভিডিওটি পাঠানো হয়।

সম্মানের কথা ভেবে ভুক্তভোগী প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল ফোনটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ী নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

Back to top button