
মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম আবদুল্লাহ আল মাসুদ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাবেক আহ্বায়ক শাকিল আহমেদকে বহিষ্কারের পর শনিবার (২২ আগস্ট) রাতে কেন্দ্রীয় ছাত্রদল এই সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের অনুমোদনে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে নিজ দলের দুই নেতাকে প্রকাশ্যে মারধর ও বিজয় ২৪ হলের সিট দখলের মতো গুরুতর অভিযোগে সাবেক আহ্বায়ক শাকিল আহমেদকে বহিষ্কার করা হয়। গত ২১ আগস্ট ভুক্তভোগী দুই নেতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি গণমাধ্যমে আসার পরই কেন্দ্রীয় ছাত্রদল নেতৃত্ব পরিবর্তনের এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়।
নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ গত বছরের (২০২৫) ২২ ফেব্রুয়ারি অনুমোদিত জাবিপ্রবি শাখা ছাত্রদলের ৩৭ সদস্যের কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শীর্ষ পদে আকস্মিক এই পরিবর্তনের পর নতুন নেতৃত্বের অধীনে জাবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ও ক্যাম্পাসের রাজনৈতিক শৃঙ্খলা কীভাবে ফিরে আসে, এখন সেদিকেই নজর সবার।




