৪০ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ হুরমুছ আলী (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব ১৪।
গতকাল শনিবার বিকেলে পৌর শহরের তেঁতুলতলা সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
আটক হুরমুছ আলী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী চর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে।
পুলিশ জানায়- শনিবার বিকেলে হুরমুছ আলী হেরোইন নিয়ে তেঁতুলতলা থেকে সিএনজিযোগে জামালপুর শহরের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাবের একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র্যাব।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেলে উদ্ধার করা হেরোইনসহ ওই যুবককে থানায় সোপর্দ করা হয়। এরপর তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।




