সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকসসহ অটোভ্যান জব্দ
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের শ্রীবর্দী সীমান্তে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ একটি অটোভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা পণ্য ও অটোভ্যানের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছে বলে বিজিবির কাছে গোপন খবর আসে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে দ্রুত অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত অটোভ্যানসহ ওই কসমেটিকসগুলো জব্দ করা হয়।
সীমান্ত সুরক্ষায় নিজেদের কঠোর অবস্থানের কথা তুলে ধরে ৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




