মাদারগঞ্জ

শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার ও অভিযুক্ত জামিনুর ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, সাত বছরের শিশুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশের এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে চরপাকেরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পশ্চিম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম, ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিউজ্জামান, বালিজুড়ী আর এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, খিলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন এবং সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন।

নিহত শিশুটি সিধুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সে বিদ্যালয়ে গিয়ে আর বাড়ি ফেরেনি। পরে ১২ সেপ্টেম্বর শনিবার  রাতে বিদ্যালয়ের পাশে প্রতিবেশী জামিনুর ইসলামের ঘরের মেঝে থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জামিনুর ইসলাম, তার স্ত্রী সবুজা বেগমসহ অজ্ঞাতপরিচয় আরও ২ থেকে ৩ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ১৩ সেপ্টেম্বর পুলিশ অভিযুক্ত জামিনুর ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে। পরে আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে জামিনুর ইসলাম শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন।

Related Articles

Back to top button