বকশীগঞ্জ

কমলাপুর থেকে উদ্ধার নিখোঁজ শিশু:ফিরল বাবার কোলে

মতিন রহমান, বকশীগঞ্জ: ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে উদ্ধার হওয়া জামালপুরের বকশীগঞ্জের নিখোঁজ শিশু সাফিকে (১০) তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে আইনি প্রক্রিয়া ও পরিচয় যাচাই শেষে ‘লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (লিডো) শিশুটিকে তার বাবার হাতে তুলে দেয়।

গত ১২ সেপ্টেম্বর দুপুরে বকশীগঞ্জ উপজেলার ঝালরচর পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সাফি। ফুফুর কথা মনে পড়ায় কাউকে না জানিয়েই ট্রেনে চড়ে ঢাকার উত্তরায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে। কিন্তু পথ হারিয়ে একপর্যায়ে কমলাপুর রেলস্টেশনে চলে আসে।

রেলস্টেশনে শিশুটিকে অসহায় অবস্থায় পেয়ে লিডো উদ্ধার করে তাদের ট্রানজিশনাল শেল্টার সেতু বন্ধনে আশ্রয় দেয়। সেখানে তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের খোঁজ শুরু করে সংস্থাটি। অন্যদিকে সাফিকে না পেয়ে তার পরিবার চরম উদ্বেগের মধ্যে পড়ে। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন তারা। নিখোঁজের এই খবর স্থানীয় ও অনলাইন গণমাধ্যমেও প্রকাশিত হয়। অবশেষে লিডোর মাধ্যমে শিশুটির সন্ধান পায় পরিবার।

দীর্ঘদিন পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা। ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সন্তানের ফিরে আসাকে তিনি জীবনের সবচেয়ে বড় স্বস্তি ও আনন্দের মুহূর্ত হিসেবে দেখছেন।

শাফির বাবা আনারুল বলেন- ছেলেটা যখন হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, তখন আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কোথায় আছে,কেমন আছে, কী অবস্থায় আছে কিছুই জানতাম না। প্রথমে আশপাশের সব জায়গায় খুঁজেছি। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি, পরিচিতদের কাছে ফোন করেছি। যেখানে যেখানে সাফি যেতে পারে বলে মনে হয়েছে, সেখানেই খুঁজেছি। কিন্তু কোথাও তাকে পাইনি।

Related Articles

Back to top button