মাদারগঞ্জ

পচা মাংস জব্দ:ব্যবসায়ীকে জরিমানা

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে ফ্রিজে পচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে তারেক তাজু নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার জোনাইল বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় প্রায় এক মণ (৪০ কেজি) দুর্গন্ধযুক্ত মাংস জব্দ করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জোনাইল বাজারে অভিযানটি পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ী বাসি ও পচা মাংস তাজা মাংসের সঙ্গে মিশিয়ে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার অভিযানের সময় তার দোকানের ফ্রিজে এসব মাংস পাওয়া যায়।

জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ১৭ ধারায় ওই ব্যবসায়ীকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। অভিযানে মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান- দোকানে থাকা মাংস দেখে সন্দেহ হলে ফ্রিজে তল্লাশি চালিয়ে পচা মাংসগুলো উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে জনসম্মুখে তা ধ্বংস করা হয়। জনস্বার্থে মাদারগঞ্জ উপজেলার প্রতিটি বাজারে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button