রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় দেওয়ানগঞ্জে আনন্দ মিছিল
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি দেওয়ানগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের নেতৃত্বে মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন, কৃষকদলের সভাপতি রেজাউল করিম বাবলু, ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ। তিনি এ আসন থেকে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার বিজয়ী হন। এমপি থাকাকালীন মিল্লাত দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের ব্যাপক উন্নয়ন করে বিপুল জনপ্রিয়তা লাভ করেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ৭৬ হাজার ভোটের ব্যাবধানে জামায়াতের প্রার্থীকে ধরাশায়ী করেন। এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন তার মধ্যে তিনজন প্রার্থীর জামানত বায়েজাপ্ত হয়।




