রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর র্যালী
হৃদয় আহাম্মেদ শাওন, জামালপুর: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী জামালপুর শহর ও সদর শাখার উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পিটিআই মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতা মোড়ে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। র্যালী জুড়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা হয় এবং সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানানো হয়।
র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল, শহর শাখার আমীর আল ইমরান সুজন,ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ।
জামায়াত ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল বলেন-‘মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব।
জামালপুর শহর শাখার আমীর আল ইমরান সুজন বলেন-‘রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। পাশাপাশি সমাজ থেকে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে।‘
র্যালী থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে।




