জামালপুর

দেশি পোশাককে বিদেশি বলে বিক্রি: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

শফিকুল ইসলাম, জামালপুর: জামালপুর শহরের বিপণি বিতান ও দ্রব্য সামগ্রীর দোকানে অভিযান চালিয়ে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহর যৌথ নেতৃত্বে জামালপুর শহরের বকুলতলা মোড় থেকে অভিযান শুরু হয়।

অভিযানে দেশি পোশাককে বিদেশি পোশাক হিসেবে বিক্রির অভিযোগে এমব্রেলা নামক একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, সেলফ নামক একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা এবং ‘মনেরেখো বস্ত্রালয়কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে রানীগঞ্জ বাজারের বিভিন্ন দ্রব্যসামগ্রীর দোকানে হলুদসহ অন্যান্য পণ্যের নমুনা পরীক্ষা ও পরিদর্শন করা হয়। পরীক্ষা-পরিদর্শন শেষে একটি দোকানে নকল পানীয় পণ্য পাওয়ায় ২ হাজার টাকা এবং আরেকটি দোকানে নিষিদ্ধ হাইকো কোম্পানির কেওড়া জল পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন-‘পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিয়মিতভাবে আমরা বাজার তদারকি করছি। ঈদুল ফিতর সামনে রেখে পোশাকের চাহিদা বেড়ে যাই। যার কারনে কিছু প্রতিষ্ঠান দেশি পোশাককে বিদেশি পোশাক হিসেবে বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে পৃথক তিনটি বিপণি বিতানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি মুদি দোকান ও একটি হলুদের দোকানেও অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাসজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button