মাদারগঞ্জপ্রধান খবর

ড্রেনের পানি সড়কে: ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী কাঁচা বাজার সড়কের পাশের ড্রেনের পানি দীর্ঘদিন ধরে উপচে সড়কের ওপর উঠে পড়েছে। এতে ব্যবসায়ী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক।

দুর্গন্ধযুক্ত নোংরা পানির কারণে বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থায়ী ব্যবসায়ীরা অভিযোগ করেন- ড্রেনের পানি সড়কে ছড়িয়ে পড়ায় ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।

রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়- পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা একাধিক স্থানে ব্লক হয়ে আছে। ফলে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ময়লা-যুক্ত পানি সড়কের ওপর উঠে আসছে।

স্থানীয় ব্যবসায়ী ইয়াসমিন মেডিকেল হলের স্বত্বাধিকারী ইসহাক ডাক্তার বলেন-“রোজা ও রমজানের দিনে এভাবে দোকানে বসে থাকা খুবই কষ্টকর। নাকে-মুখে কাপড় বেঁধে দোকানে বসতে হয়। এত দুর্গন্ধে জীবনযাপন করা মুশকিল।”

তিনি অভিযোগ করে জানান- একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর সমাধান মেলেনি।

মুরগি ব্যবসায়ী আবুল বলেন-“আমরা ট্যাক্স-ভ্যাট সবই দিই। তাহলে আমাদের কেন এত ভোগান্তি পোহাতে হবে?”

দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন- “আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। পৌর সচিবকে আজই পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

Related Articles

Back to top button