দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে ফেরার সময় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।
নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) ও তার ভাতিজা মৃত উজ্জলের ছেলে আকাশ (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতো।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান- রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে বাড়ীর দিকে ফিরছিলেন কাজল মিয়া ও আকাশ মিয়া। ফেরার পথে মিয়ারপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা কাজল মিয়াকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিলে ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ বাইক দুটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় আহত অপর বাইক চালক সাইম (২২) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি।
মিয়ারপাড়া এলাকার নৈশ প্রহরী নুর ইসলাম জানান- হঠাৎ শব্দ শোনে কাছে গিয়ে দেখি একজন মারা গেছে, অন্যজনের অবস্থা ভালো না। পরে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন- সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।




