ইসলামপুরপ্রধান খবর

মাদক সেবন করতে নিষেধ করায় গ্রাম পুলিশকে মারধর

বিএনপি নেতা বললেন -"যা পারেন করেন"

স্টাফ রিপোর্টার: জামালপুরে ইসলামপুরে দুই গ্রাম পুলিশসহ (চৌকিদার) ৪ জনকে মারধরের অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বিএনপির নেতার বিরুদ্ধে।

এই ঘটনায় শনিবার (০৭ মার্চ) দুপুরে ইসলামপুর থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী গ্রাম পুলিশ শ্রী জগেশ্বর রবিদাশ। এর আগে, শুক্রবার (০৬ মার্চ) রাতে উপজেলার কুলকান্দি পাইলিংপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তোভোগীরা হলেন- উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শ্রী জগেশ্বর রবিদাস (৫২), ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শ্রী রবিচান রবিদাস (৩০),  জগেশ্বর রবিদাশের স্ত্রী লাকী রানী রবিদাস (৪৫) ও তার ছেলে নগেন বাবু (২৩)।

অভিযুক্তরা হলেন- জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেন আলী (৬০) ও তার দুই ছেলে ইমান আলী, সুমন ও স্ত্রী রেহানা বেগম।।

অভিযোগ ‍থেকে জানা গেছে- বিএনপি নেতা হাসেন আলী মাদক সেবন এবং জুয়া খেলাতে আসক্ত। জগেশ্বর রবিদাস সেই বিএনপি নেতাকে মাদক সেবন করতে নিষেধ করেন। এর জেড় ধরে শুক্রবার রাতে রবিদাসের বাড়িতে এসে লোহার রড ও লাঠি নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেন আলী (৬০) এসে তাকে গালিগালাজ ও মারধর করে। এ সময় তার স্ত্রীকেও মারধর এবং শ্লীলতাহানি করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সরে যায়। আহত অবস্থায় জগেশ্বর রবিদাস, রবিচান রবিদাস,  লাকী রানী রবিদাস ও নগেন বাবুকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

তবে মোবাইল ফোনে অভিযুক্ত বিএনপি নেতা হাসেন আলী অভিযোগ অস্বীকার করে বলেন- ‍“তার সাথে তর্কাতর্কি হয়েছে। কোনো মারধরের ঘটনা ঘটেনি। একজনের সাথে তর্ক বেধে গেলেই যে থানায় অভিযোগ দেবে এটা কেমন। আপনারা যা পারেন করেন। আমার ভাগিনা সাংবাদিক আছে, তার সাথে কথা বইলেন।”

কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নূর ইসলাম বলেন-“যে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করবে, সে আমার বাবা হলেও আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। আমি কিছুক্ষন আগে বিষয়টি শুনেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। যদি সমাধান না হয়, তাহলে দলীয় ব্যবস্থা গ্রহন করবো। প্রয়োজন পড়লে তাকে বহিষ্কার করা হবে।”

এসব বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম গাজী বলেন- ‍“আগামীকাল একজন অফিসার বিষয়টি তদন্তে যাবে। এরপর ঘটনার সত্যতা পাওয়া গেলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।”

Related Articles

Back to top button