সরকারি নির্দেশনা বাস্তবায়নে বকশীগঞ্জে প্রশাসনের কঠোর অবস্থান: ৭টার পর দোকান বন্ধের নির্দেশ
মতিন রহমান, বকশীগঞ্জ: দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী জামালপুরের বকশীগঞ্জে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে পৌর শহরের প্রধান বাজারে ঝটিকা অভিযান চালিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ব্যবসায়ীদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা এবং থানা পুলিশের একটি দল। অভিযানকালে ব্যবসায়ীদের জানানো হয় যে- সরকারি সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে সকল দোকানপাট ও বিপণিবিতান রাত ৭টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।
ইউএনও মোরাদ হোসেন জানান- শুরুতে ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করা হচ্ছে। তবে এরপরও যারা নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখবেন, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও বড় অংকের জরিমানা করা হবে।
উল্লেখ্য, বৈশ্বিক পরিস্থিতির কারণে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ এপ্রিল থেকে সারা দেশে নতুন অফিস সময় (৯টা-৪টা) ও রাত ৭টার মধ্যে দোকান বন্ধের নিয়ম কার্যকর হয়েছে। তবে ওষুধের দোকান ও কাঁচাবাজারের মতো জরুরি সেবাগুলো এই সময়ের আওতামুক্ত থাকবে। জনস্বার্থে বকশীগঞ্জ প্রশাসনের এই তদারকি নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



