ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নেওয়ার চেষ্টা: ২ যুবককে জরিমানা
স্টাফ রিপোর্টার:
জামালপুরের মাদারগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সংগ্রহের চেষ্টার সময় ধরা পড়েছেন দুই যুবক।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ‘তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে’ এই জালিয়াতির ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ফয়সাল আহমেদ এবং পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা ওয়াসিম উদ্দিন।
ভ্রাম্যমান আদালত থেকে জানা যায়- বুধবার দুপুরে ফয়সাল ও ওয়াসিম মোটরসাইকেল নিয়ে ওই ফিলিং স্টেশনে তেল নিতে যান। এসময় তারা একটি ফুয়েল কার্ড প্রদর্শন করেন, যেখানে মাদারগঞ্জ ইউএনও’র স্বাক্ষর জাল করা ছিল। কার্ডটি দেখে পাম্প কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জালিয়াতির সত্যতা যাচাই করেন। জালিয়াতি প্রমাণিত হওয়ায় ওই দুই যুবককে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন- সরকারি কর্মকর্তার স্বাক্ষর জাল করা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। ওই দুই যুবক জালিয়াতির আশ্রয় নিয়ে অবৈধভাবে তেল সংগ্রহের চেষ্টা চালিয়েছিল। হাতে নাতে প্রমাণ পাওয়ায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসময় ফয়সাল আহমেদকে ৫০০০ হাজার টাকা এবং ওয়াসিম উদ্দিনকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।




