৪৬ বস্তা সরকারি চাল জব্দ-ব্যবসায়ী পলাতক
স্টাফ রিপোর্টার: জামালপুরের মাদারগঞ্জে র্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে ব্যবসায়ী সাজেলের গুদামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন থেকে জানা গেছে- সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ব্যবসায়ী সাজেলের গুদাম থেকে ৪৬ বস্তা চাল পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪২ হাজার টাকা। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত ব্যবসায়ী সাজেল ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন- গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে সরকারি চাল অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করা হয়েছে। জনস্বার্থে র্যাব ও প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪৬ বস্তা চাল জব্দ করে। পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সরকারি সম্পদ আত্মসাৎ বা কালোবাজারি রোধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত চাল বর্তমানে সরকারি হেফাজতে রাখা হয়েছে।




