হয়রানিমুক্ত ভূমি সেবার প্রত্যয়ে বর্ণাঢ্য মেলা
ফিরোজ শাহ,ইসলামপুর: সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৯মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।
সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেখারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন- ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও পর্চা সংক্রান্ত তথ্যসহ নানা সেবা এখন ডিজিটাল পদ্ধতিতে সহজ ও দ্রুত পাওয়া যাচ্ছে।
ভূমি সেবা মেলা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন বক্তারা।




