ইসলামপুর

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিবাদী সুরুজ আলী গংয়ের বিরুদ্ধে।

বুধবার সকালে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের ডিগ্রিরচর আকন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কিসমত গোবিন্দি মৌজার ১ একর ৩৮ শতাংশ জমি ঘিরে বর্তমানে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

মামলার নথি অনুযায়ী, কিসমত গোবিন্দি মৌজার ৮৮০ নম্বর খতিয়ানের ৩৯৫৩ নম্বর দাগের জমির মালিকানা ও দখল নিয়ে মো. তারা মিয়া ও সুরুজ আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে ইসলামপুর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। শুনানি শেষে আদালত বাদীপক্ষকে বেদখল না করা বা তাদের কাজে বাধা না দেওয়ার জন্য বিবাদীদের প্রতি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে আদেশ বাস্তবায়নে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

বাদীপক্ষের একজন মনির অভিযোগ করে জানান- আদালতের আদেশ থাকা সত্ত্বেও বুধবার সকালে সুরুজ আলী গং বেআইনিভাবে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় পুলিশের জাতীয় জরুরি সেবায় ফোন করে দ্রুত সহযোগিতা চাওয়া হলেও সময়মতো পুলিশ পৌঁছায়নি।

তবে এ বিষয়ে সুরুজ আলীর মুঠোফোন একাধিক বার ফোন করা হলও কোন সাড়া পাওয়া যায়নি।

সময়মতো সাহায্য না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আদালতের নিষেধাজ্ঞার কপি পুলিশ পেয়েছে। জবরদখলের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আদালতের আদেশ বাস্তবায়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে বাদীপক্ষ।

Related Articles

Back to top button