বকশীগঞ্জ

দালাল ছাড়াই মিলছে সব সেবা: বকশীগঞ্জে তিন দিনের ভূমি মেলা শুরু

মতিন রহমান, বকশীগঞ্জ: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো জামালপুরের বকশীগঞ্জেও তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এসে শেষ হয় এবং সেখানেই মেলার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে ঢাকার ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী এই জাতীয় ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন। বকশীগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধানমন্ত্রীর উদ্বোধনী কার্যক্রমটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়।

আয়োজকেরা জানান- মেলা প্রাঙ্গণে আগত সেবাগ্রহীতাদের জন্য তাৎক্ষণিকভাবে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমা খারিজ ও মিউটেশনসহ বিভিন্ন প্রকার ভূমি সেবা এবং আইনি পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা দালালের হয়রানি ও ভোগান্তি ছাড়া একই ছাদের নিচে সব ডিজিটাল সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মেলায় আসা সাধারণ মানুষ।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী।

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে- মেলাটি আগামী তিন দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ মেলা প্রাঙ্গণে এসে কোনো রকম মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি তাদের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান ও আইনি পরামর্শ নিতে পারবেন।

Related Articles

Back to top button