ইসলামপুর

দম্পতির উপর এসিড নিক্ষেপের পর ডাকাতি

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরের মোশারফগঞ্জ এলাকায়  ডাকাতি ও এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ মে) গভীর রাতে উপজেলার মোশারফগঞ্জ টংগের আলগা উত্তরপাড়া এলাকায় আল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান- শুক্রবার গভীর রাতে ডাকাতির উদ্দেশে অজ্ঞাত মুখোশধারী কিছু লোক ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের জিম্মি করার চেষ্টা করে। এ সময় বাধা পেয়ে ডাকাতরা আল আমিন (৩৫) ও তার স্ত্রীর (২৮) আখির ওপর এসিড নিক্ষেপ করে। এতে তারা দুজনেই গুরুতর দগ্ধ হন। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর পরিবারের বাকি সদস্য ও স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা দুজনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। এলাকাবাসী এ ঘটনাকে অমানবিক ও বর্বরোচিত অপরাধ হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইসলামপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান- ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Related Articles

Back to top button