ট্রেনের সময়সূচি ও রুট পরিবর্তনের দাবীতে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেন অবরোধ করে মানববন্ধন
শফিকুল ইসলাম,জামালপুর: জামালপুরের সরিষাবাড়িতে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও রুট পরিবর্তনের দাবীতে ট্রেন অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি রেলস্টেশনে নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নাগরিক অধিকার কর্মী অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে সাঈদ হাসান মিথুন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, আতিক মুর্শেদ, সফিকুল ইসলাম, এনামুল হাসান, আবু সাঈদ আল আমিন খান, আসাদুজ্জামান আসাদ, সাখাওয়াত হোসেন সোহাগ, রিফাত, মুত্তাকিন ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন- জামালপুর থেকে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে গভীর রাতে ঢাকায় পৌঁছে। মধ্য রাতে ঢাকায় গিয়ে সাধারণ যাত্রীদের বিপাকে পড়তে হয়। অনেকেই ছিনতাইকারীদের কবলে পড়ছেন। রাতে থাকার জন্য বা গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। এতে করে প্রতিনিয়ত যাত্রী সংখ্যা কমে লোকসানের মুখে পড়ছে ট্রেনটি। বর্তমানে ট্রেনটি টাঙ্গাইলের ভূয়াপুর থেকে জামালপুর ও ময়মনসিংহ হয়ে ঢাকা রুটে যাতায়াত করছে। কিন্তু ট্রেনটি উদ্বোধনের পর জামালপুর থেকে যমুনা সেতু (পূর্ব) ও টাঙ্গাইল হয়ে ঢাকায় চলাচল করত। কিন্তু ট্রেনের সময়সূচির কারণে রাতে পৌছানোর জন্য যাত্রীরা ঢাকায় গিয়ে তাদের কোন দাপ্তরিক, ব্যবসায়ীক, চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে পারছে না। রাতে থেকে পরের দিন কাজকর্ম করতে হচ্ছে। তাই যাত্রী দুর্ভোগ লাঘবে সময়সূচি পরিবর্তন করে দিনের বেলায় ঢাকায় পৌছানো এবং ময়মনসিংহের পরিবর্তে পুনরায় টাঙ্গাইল রুটে ট্রেন পরিচালনার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের নিকট দাবী জানানো হয়। এছাড়াও সকালে গিয়ে ঢাকায় পৌছানো ও বিকেলের দিকে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে ট্রেন চলাচলের সময়সূচি নির্ধারণ করা এবং সরিষাবাড়ি উপজেলার যাত্রীদের জন্য তুলনামূলক বেশী আসন সংরক্ষণের দাবী জানান বক্তারা।
এ সময় তারাকান্দি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখা হয়।
২০২০ সালের ২৬ জানুয়ারি উদ্বোধনের পর জামালপুর থেকে যমুনা সেতু পূর্ব হয়ে টাঙ্গাইল রুটে চলাচল করত আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন। পরবর্তীতে যমুনা সেতু পূর্ব স্টেশনের ইয়ার্ড রি মডেলিং কাজের ট্র্যাক সুইচিং প্ল্যান অনুযায়ী যমুনা সেতু পূর্ব স্টেশন থেকে ভুয়াপুর স্টেশন পর্যন্ত সকল ট্রেন পরিচালনা স্থগিত করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে। এরপর ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে ভূয়াপুর হতে জামালপুর হয়ে ঢাকা রুটে ট্রেনটি চলাচল করছে।




