মাকে বাড়ি থেকে বের করে দেয়ার মামলায় কারাগারে প্রকৌশলী ছেলে
মোঃ মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী: বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়া এবং জমি নিজের নামে লিখে নিতে ব্যর্থ হয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকিরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম (৬৪) এই মামলার বাদী।
রাশেদা বেগমের অভিযোগ- একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকির দীর্ঘদিন ধরে তার ভরণপোষণের দায়িত্ব এড়িয়ে চলছিলেন। উল্টো মায়ের নামে থাকা জমি জোর করে নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এই ঘটনায় বুধবার রাশেদা বেগম সরিষাবাড়ী থানায় ছেলে এবং পুত্র বধূ ফাতেমাতুজ্জোহুরা স্মৃতির (৩৫) বিরুদ্ধে ‘পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩’ এর ৫(১) ও ৫(২) ধারায় মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের পর রাশেদা বেগমকে গেন্দারপাড়া গ্রামের বাড়ি থেকে উদ্ধার করেন তার ভাই আহাম্মদ আল ফরিদ। পরে তাকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীততরা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান- মায়ের দায়ের করা মামলার ভিত্তিতেই বুধবার রাতে ঢাকা থেকে রাশেদুলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




