দেওয়ানগঞ্জ

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

মহসিন রেজা রুমেল, ​দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩০ ঘণ্টা পর নবম শ্রেণীর শিক্ষার্থী শাওনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩১ মে) বিকেল ৬টার দিকে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।

​নিহত শাওন উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস থেকে জানা যায়- গত শনিবার বিকেলে শাওন তার সহপাঠীদের সঙ্গে চর আমখাওয়া ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। সহপাঠীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে জামালপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

​জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম জানান- খবর পেয়ে ডুবুরি দল শনিবার বিকেল ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত প্রথম দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে। কোনো সন্ধান না পাওয়ায় রবিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় দফায় দীর্ঘক্ষণ অনুসন্ধান চালানো হয়। কিন্তু নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না মেলায় ফায়ার সার্ভিস সাময়িকভাবে অভিযান স্থগিত করে।

​পরবর্তীতে বিকেল ৬টার দিকে মন্ডলপাড়া মজিবর রহমানের বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে শাওনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী তা উদ্ধার করে।

​দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থীর মরদেহ ভাসমান অবস্থায় নদ থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

Related Articles

Back to top button