দেওয়ানগঞ্জ

মাদক সেবনের দায়ে ৬ মাস ও মাটি কাটার দায়ে ১ বছরের কারাদন্ড

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ:  জামালপুরের দেওয়ানগঞ্জে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মিজানুর রহমান (৩১) নামে এক যুবকে এক বছরের ও মাদক সেবন, ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে সোহাগ (৩০) নামে আরেক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকেলে উপজেলার পৃথক দুই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ সাজা দেন।

এক বছরের সাজা পাওয়া মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার চর রাজিবপুর গ্রামের বছিউজ্জামানের ছেলে। আর সোহাগ বাবু  জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের জোব্বাতের মোড় এলাকার ফতু আলমের ছেলে।

উপজেলা প্রশাসন থেকে জানা যায়- উপজেলার ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটা ও সড়কের ক্ষতি সাধন করার অপরাধে ভেকু মেশিনের মালিক মিজানুর রহমান কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের জোব্বাতের মোড় এলাকায় মাদক সেবন করে মা, বাবা ও স্ত্রীর সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন সোহাগ বাবু। পরিবারের সদস্যদের দেওয়া খবরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান- কৃষি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করা, কৃষি জমি ও সড়কের ক্ষতিসাধন, ও জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে সোহাগ বাবুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button