মাদারগঞ্জ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মো. সোহেল রানা। তিনি ৩নং গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

আজ সোমবার (৮ জুন) মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই বহিষ্কার আদেশ জারি করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মো. সোহেল রানাকে ইতিপূর্বে একাধিকবার দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্ক করা হয়েছিল। তবে বারবার সতর্ক করার পরও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হন। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় বিএনপি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে মো. সোহেল রানাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এই আদেশ আগামীকাল ৯ জুন (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।

বহিষ্কারের এই আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং ৩নং গুনারীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট পাঠানো হয়েছে বলে উপজেলা বিএনপি নিশ্চিত করেছে।

Related Articles

Back to top button