বকশীগঞ্জ

বিশ্ব পরিবেশ দিবসে কারিতাসের চারা বিতরণ

ম‌তিন রহমান, বকশীগঞ্জ: ‘প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলাকোনা মিশন স্কুল প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস আলোক কোরে-২ প্রকল্প।

অনুষ্ঠানে বক্তারা বলেন- পাহাড়ে নির্বিচারে গাছ কাটা ও অগ্নিসংযোগের ফলে বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন উজাড়ের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ সময় কৃষিকাজে রাসায়নিকের ব্যবহার কমিয়ে উপকারী পোকামাকড় সংরক্ষণ, পলিথিনের ব্যবহার হ্রাস এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে বেশি করে তালগাছ রোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের এলএমসি সভাপতি অনন্ত ম্রংয়ের সভাপতিত্বে ও কাপুস মারাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সেন্ট আন্দ্রে ব্যাসেট জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার বিথিকা রেবেরু সিওয়াইসি, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, কারিতাসের মাঠ কর্মকর্তা অতুল ম্রংসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে উপকারভোগী ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

Related Articles

Back to top button