চাচাকে হত্যা মামলার প্রধান আসামী ভাতিজা গ্রেফতার
শফিকুল ইসলাম,জামালপুর: জামালপুরে চাচাকে হত্যা মামলার প্রধান আসামী ভাতিজা আব্দুস সালাম (৩৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) সকালে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুস সালাম জামালপুর সদর উপজেলার লক্ষীরচর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ।
পুলিশের জানায়- গত শনিবার (৬ জুন) জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পৈত্রিক কৃষি জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আব্দুস সালাম ও তার লোকজন তার চাচা আব্দুল হকের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জামালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশের একটি দল আসামীকে গ্রেফতারে অভিযান শুরু করে। পুলিশের ওই টিম তথ্য প্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে বুধবার সকালে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে মামলার প্রধান আসামী আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন- “জামালপুর জেলা পুলিশ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এই হত্যাকাণ্ডের পরপরই আসামিদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। আইন নিজের গতিতেই চলবে এবং অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আইনি প্রক্রিয়ায় আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।“




