৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার
জাহাঙ্গীর আলম,জামালপুর: জামালপুরে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) দুপুরে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার ভোরে জামালপুর থানার পুলিশ পৌর এলাকার মৃধাপাড়া ও শহরের দয়াময়ী মোড় থেকে দুই নারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া দুই নারী হলেন- শেরপুর জেলার সদর উপজেলার কুসুমহাটি গ্রামের শাহ আলীর স্ত্রী খোদেজা বেগম (৪০) এবং জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের আবুলের স্ত্রী মোছাঃ বুলবুলি (৫৮)।
ওসি মো. নাজমুস সাকিব জানান- গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ শনিবার ভোরে পৌর এলাকার মৃধাপাড়া এলাকায় শামছুল হুদা সেলিমের বাসায় অভিযান চালায়। ওই বাসার ভাড়াটিয়া খোদেজা বেগমের ঘর তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে মোছাঃ বুলবুলিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুলি স্বীকার করেছেন, তিনি ওই গাঁজা কেনার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। খোদেজা বেগমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় আগেও একটি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন- ‘মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’




