সারাদেশ

ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন

মতিন রহমান: ক্ষুদ্র নৃতাত্ত্বিক  জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য মৌলিক অধিকার রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য দাবিগুলো জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে ‘মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে শ্রীবরদীর বাবেলাকোনা এলাকার কম্পেশন প্রকল্প কার্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (TWA)-এর চেয়ারম্যান লেবানুস মারাক। সঞ্চালনায় ছিলেন কাপুম দাংগা। স্বাগত বক্তব্য রাখেন ভূমি ব্যবস্থাপনা কমিটির বকশীগঞ্জ শাখার সভাপতি অনন্ত ম্রং।

ক্যাম্পেইনে বক্তারা বলেন- ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে ভূমির মালিকানা, জীবিকা, শিক্ষা, সংস্কৃতি, নিজস্ব বর্ণমালা সংরক্ষণ ও পুনরুদ্ধার এবং স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে নানামুখী প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। বিশেষ করে ভূমি দখল ও উচ্ছেদের মতো ঘটনা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে।

বক্তারা আরও বলেন- গণমাধ্যম হলো সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনাগুলো যদি নিয়মিতভাবে গণমাধ্যমে উঠে আসে, তবে তা নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং অধিকার আদায় ও সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হবে। ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাংবিধানিক ও মানবাধিকার নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ঝিনাইগাতী, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তাদের ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় গণমাধ্যমের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Related Articles

Back to top button